নোয়াখালীতে এক রাতে তিন বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের জালিয়াল গ্রামে একই রাতে তিন বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। গত বুধবার দিবাগত রাতে ওই ঘটনাগুলো ঘটে। সশস্ত্র ডাকাতেরা বাড়ি তিনটি থেকে স্বর্ণালংকার, নগদ টাকা ও অন্যান্য মালামালসহ পাঁচ লক্ষাধিক টাকার সম্পদ লুট করে নিয়ে যায়। খবর পেয়ে সুধারাম থানা পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই ডাকাতেরা পালিয়ে যায়।স্থানীয় সূত্রের ভাষ্যমতে, রাত তিনটার দিকে ১৪-১৫ জনের একদল সশস্ত্র ডাকাত মাইক্রোবাস নিয়ে ওই গ্রামে হানা দেয়। এরপর তারা প্রথমে হাজি মো. মাসুদের বাড়ির ঘরের গ্রিল কেটে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের লোকজনকে জিম্মি করে পাঁচ ভরি স্বর্ণালংকার ও ৬০ হাজার টাকা এবং মূল্যবান মালামাল লুট করে।এরপর ডাকাতেরা একই কায়দায় পার্শ্ববর্তী হাফেজ বাড়ির মোবারক হোসেনের ঘরে ঢোকে। এখানেও ঘরের লোকজনকে জিম্মি করে চার ভরি স্বর্ণালংকার, তিনটি মোবাইল ফোন সেট ও মূল্যবান জিনিসপত্র লুট করে। পরে তারা ঢোকে স্থানীয় ইউপি সদস্য লাকি আক্তারের পাশের আবু ছায়েদের বাড়িতে। সেখানে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে আলমারির তালা ভেঙে মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।ইউপি সদস্য লাকি আক্তার তিনটি ডাকাতির ঘটনা নিশ্চিত করে প্রথম আলোকে জানান, ১৪-১৫ জনের একদল ডাকাত মাইক্রোবাস নিয়ে ডাকাতি করতে আসে। ঘটনার সময় তিনিই সুধারাম থানায় ফোন করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) মীর জাহিদুর রহমান রনি প্রথম আলোকে জানান, ডাকাতির খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু ডাকাতেরা তার আগেই পালিয়ে যায়। তবে এই ঘটনায় থানায় গতকাল বিকেল পর্যন্ত কেউ মামলা করতে আসেনি।