নোয়াখালীতে এক রাতে বন বিভাগের প্রায় ৩০০ গাছ কেটে ফেলেছেন জামায়াত-শিবিরের কর্মীরা। জামায়াতের নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করার উদ্যোগের খবরে গত মঙ্গলবার রাত থেকে গতকাল বুধবার ভোর রাত পর্যন্ত এসব গাছ কেটে সড়ক অবরোধ করেন তাঁরা।
গাছ কেটে সড়ক অবরোধের কারণে ফেনী-নোয়াখালী সড়কসহ জেলা সদরের সঙ্গে যোগাযোগের বেশির ভাগ সড়কেই গতকাল দিনভর গাড়ি চলেনি।
জেলা জামায়াতের সেক্রেটারি আলাউদ্দিন দাবি করেন, তাঁদের দলের কোনো নেতা-কর্মী সড়কের পাশের গাছ কাটার সঙ্গে জড়িত নন। তাঁরা কখনো দলীয় কর্মীদের এমন নির্দেশনা দেননি।
বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের উদ্যোগের খবরে তৎপর হয়ে ওঠেন জেলা শহর এবং বিভিন্ন উপজেলার জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। রাতের অন্ধকারে তাঁরা সড়কের পাশের বড় বড় গাছ কেটে উপজেলার প্রধান সড়ক এবং শাখা সড়কগুলোতে অবরোধ সৃষ্টি করেন। এর মধ্যে নোয়াখালী-ফেনী সড়ক, সোনাপুর-মান্নান নগর-চরজব্বার সড়ক, সোনাপুর-সুবর্ণচর সড়ক, বসুরহাট-সোনাপুর সড়কে সবচেয়ে বেশি গাছ কাটার ঘটনা ঘটে।
বন বিভাগ সূত্র জানায়, গত মঙ্গলবার রাত থেকে গতকাল বুধবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় ২৩৩টি গাছ কাটার তথ্য দুপুর পর্যন্ত তাঁরা পেয়েছেন। স্থানীয় সূত্রগুলো জানায়, কাটা গাছের সংখ্যা হবে ৩০০-এর ওপরে। যা গতকাল সন্ধ্যা পর্যন্তও সড়ক থেকে অপসারণ করেনি প্রশাসন কিংবা বন বিভাগের লোকজন। নোয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সানাউল্লাহ বলেন, বন বিভাগের স্থানীয় কর্মকর্তাদের কাটা গাছগুলো সড়ক থেকে অপসারণের পাশাপাশি গাছের সংখ্যা নির্ধারণ এবং এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসক খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, বিজিবির সহায়তায় বন বিভাগ ও সংশ্লিষ্ট থানার পুলিশকে ফেনী-নোয়াখালী সড়কসহ বিভিন্ন সড়কে কেটে ফেলা গাছগুলো দ্রুত অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।