নোয়াখালীতে একজনকে কুপিয়ে হত্যা, আটক ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগে প্রকাশ্যে দেলোয়ার হোসেন ওরফে দেলু (৩৮) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল মঙ্গলবার বেলা একটার দিকে উপজেলার কাবিলপুর ইউনিয়নের শায়েস্তানগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দেলোয়ারের বাড়ি শায়েস্তানগর গ্রামে। তিনি অটোরিকশার মিস্ত্রি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের ভাষ্যমতে, দেলোয়ারের বাড়ির জায়গার সীমানা নিয়ে তাঁর চাচাতো ভাই মো. মোস্তফার সঙ্গে বিরোধ চলে আসছে। গত সোমবার বিকেলে সীমানায় থাকা গাছের ঝরে পড়া পাতা কুড়াতে গেলে দেলোয়ারের স্ত্রীর সঙ্গে মোস্তফার স্ত্রী নাজমা আক্তারের সামান্য ঝগড়া হয়। নাজমা ঝগড়ার কথা তাঁর বাবার বাড়িতে জানান।
পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্যমতে, এই ঝগড়ার জের ধরে গতকাল বেলা একটার দিকে ১৪-১৫ জন সন্ত্রাসী ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে তিনটি সিএনজিচালিত অটোরিকশাযোগে শায়েস্তানগর আসে। এ সময় সন্ত্রাসীরা দেলোয়ারকে বাড়ির সামনের দোকানে পায়। পরে সন্ত্রাসীরা এলোপাতাড়ি কুপিয়ে দেলোয়ারকে ঘটনাস্থলে হত্যা করে। দেলোয়ারকে কোপাতে দেখে স্ত্রী সেতারা বেগমসহ (২৫) বাড়ির অন্য লোকজন এগিয়ে গেলে সন্ত্রাসীরা তাঁদেরও কুপিয়ে আহত করে। এ সময় আরও পাঁচজন আহত হন। এ ঘটনার পর আশপাশের লোকজন সংঘবদ্ধ হয়ে ধাওয়া করে পাঁচ সন্ত্রাসীকে ধরে পিটুনি দেন এবং আটকে রাখেন। খবর পেয়ে পুলিশ আটক সন্ত্রাসীদের উদ্ধার করতে গেলে উত্তেজিত জনতা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ শটগান থেকে ১১টি গুলি ছোড়ে। পরে দাঙ্গা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও আটক সন্ত্রাসীদের উদ্ধার করে। এ সময় জনতার ইটের আঘাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম ও দুই কনস্টেবল আহত হন। তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। জনতার পিটুনিতে আহত রকিকে পুলিশ পাহারায় ওই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকি চার সন্ত্রাসীকে থানা হাজতে রাখা হয়েছে।
ঘটনার প্রতিবাদে বেলা দুইটা থেকে তিনটা পর্যন্ত ফেনী-নোয়াখালী সড়ক অবরোধ করে রাখেন গ্রামবাসী।
সন্ত্রাসীদের অস্ত্রের আঘাতে দেলোয়ার নামে এক ব্যক্তির খুন হওয়া ও প্রতিবাদে সড়ক অবরোধের কথা নিশ্চিত করে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।