নোয়াখালীতে একটি বাড়িতে অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী সদর উপজেলার চর মটুয়া ইউনিয়নের রাউলদিয়া গ্রামের একটি বাড়িতে অগ্নিসংযোগ করেছে স্থানীয় জনতা। গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাড়িটির একটি আধা পাকা ঘর পুড়ে গেছে।
ওই বাড়ির এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে। এ কারণে এলাকার লোকজন ক্ষিপ্ত হয়ে বাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে জানান সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।
গতকাল রাতে ঘটনাস্থল থেকে মুঠোফোনে ওসি আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, আগুনে আধা পাকা ঘরের টিনের চাল এবং ভেতরের কিছু মালামাল পুড়ে গেছে। তিনি নিজে উত্তেজিত জনতাকে শান্ত করেন। অপ্রীতিকর কোনো ঘটনা যাতে না ঘটে, সে জন্য রাতে ওই এলাকায় পুলিশ মোতায়েন রাখা হবে।
চর মটুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্য করার ঘটনাটিকে কেন্দ্র করে কয়েক দিন ধরে এলাকার লোকজনের মধ্যে ক্ষোভ ছিল। বুধবার রাতেও বাড়িতে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। তিনি বলেন, উদ্ভূত পরিস্থিতি নিয়ে তিনি গতকাল সকালে এলাকার মুরব্বি ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বৈঠক করেছেন। কিন্তু রাত আটটার দিকে হঠাৎ একদল লোক উত্তেজিত হয়ে আকস্মিকভাবে ওই বাড়িতে আগুন ধরিয়ে দেয়।