নোয়াখালীতে এসিড নিক্ষেপের ঘটনায় যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে মাদ্রাসা-ছাত্রী ও শিশুসহ একই পরিবারের তিন সদস্য এসিড-সন্ত্রাসের শিকার হওয়ার ঘটনায় জড়িত সন্দেহে খলিলুর রহমান নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার দিবাগত রাতে সদর উপজেলার মতিপুর গ্রামের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।মামলার তদন্তকারী কর্মকর্তা সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান প্রথম আলোকে জানান, গ্রেপ্তারের পর খলিলকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন।এদিকে গতকাল মঙ্গলবার দুপুরে খলিলকে আদালতে হাজির করা হলে তিনি জামিনের আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এর আগে খলিলকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায় পুলিশ।১৫ জুন রাতে মতিপুর গ্রামের সাইয়েদুল আবরার মহিলা আলিম মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্রী ফারহানা আক্তার (১৪), তার বড় বোন রৌশনারা আক্তার (২৫) ও ভাগনে লিয়ান বিন অভির (৪) ওপর দুর্বৃত্তরা এসিড ছোড়ে। এতে তাঁরা তিনজনই এসিডদগ্ধ হন। এর মধ্যে ফারহানার অবস্থা গুরুতর। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।