নোয়াখালীতে ককটেল, পাঁচ কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত
ভোটকেন্দ্রে ককটেল, ভাঙচুর, ব্যালট বাক্স ছিনতাই ও অগ্নিসংযোগের ঘটনায় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার পাঁচটি কেন্দ্রে আজ রোববার ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
এ কেন্দ্র পাঁচটি হলো কালুয়াচাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, সামসুন্নাহার উচ্চবিদ্যালয় কেন্দ্র, জমিদারহাট উচ্চবিদ্যালয় কেন্দ্র, দেবকালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও রামগঞ্জ ইউনিয়নের মনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ দুপুর ১২টার দিকে বেগমগঞ্জ উপজেলায় কালুয়াচাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শতাধিক দুর্বৃত্ত দুই দিক থেকে এসে হামলা চালায়। হামলাকারীরা এ সময় বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে ও ফাঁকা গুলি ছুুড়ে নির্বাচনী দায়িত্বপ্রাপ্তদের কাছ থেকে দুটি ব্যালট বাক্স ও কয়েক শ ব্যালট ছিনিয়ে নেয়। এরপর হামলাকারীরা কেন্দ্রের অদূরে ব্যালট বাক্স ভাঙচুর ও ব্যালট পেপারে অগ্নিসংযোগ করে। এ পরিস্থিতিতে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা স্থায়ীভাবে ভোট গ্রহণ স্থগিত করেন। খবর পেয়ে বেলা একটার দিকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন্দ্রে গিয়ে নির্বাচনী কর্মকর্তাদের উদ্ধার করে উপজেলা সদরে নিয়ে আসেন।
কেন্দ্রে হামলা ও ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা নিশ্চিত করেছেন প্রিসাইডিং কর্মকর্তা মলয় কুমার সুর।
সামসুন্নাহার উচ্চবিদ্যালয় কেন্দ্রে দুপুর সাড়ে ১২ টার দিকে একদল দুর্বৃত্ত হামলা চালালে প্রিসাইডিং অফিসার মোজাহেদুর রহমান ভোট গ্রহণ স্থগিত করে দেন।
রসুলপুর ইউনিয়নের জমিদারহাট উচ্চবিদ্যালয় কেন্দ্রে দুপুর পৌনে একটার দিকে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর সমর্থকেরা হামলা চালিয়ে ১০০টি ব্যালট পেপার ছিনতাই করে। এ ঘটনায় ভোট গ্রহণ সাময়িক স্থগিত করেছেন প্রিসাইডিং কর্মকর্তা ইমাম উদ্দিন।
গোপালপুর ইউনিয়নের দেবকালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা পৌনে একটার দিকে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকেরা ককটেলের বিস্ফোরণ। প্রিসাইডিং কর্মকর্তা গাজীউল হক ভোট গ্রহণ স্থগিত করেছেন।
রামগঞ্জ ইউনিয়নের মনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুর পৌনে দুইটার দিকে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর সমর্থকেরা কেন্দ্র দখল নিতে গিয়ে ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় পুলিশ এক রাউন্ড গুলি ছোঁড়ে। কেন্দ্রে উত্তেজনা ছড়িয়ে পড়ায় ভোট গ্রহণ স্থগিত করেছেন প্রিসাইডিং কর্মকর্তা ইসমাইল চৌধুরী।