নোয়াখালীতে করোনায় তিনজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

নোয়াখালীতে এক দিনের ব্যবধানে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ১২৮ জন। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৮ দশমিক ৯৬, যা আগের দিন ছিল ২৬ দশমিক ২৪। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও তিনজন, আগের দিনও তিনজনের মৃত্যু হয়। গতকাল শুক্রবার দিবাগত রাতে জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে এসব তথ্য প্রকাশ করা হয়।

সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, শুক্রবার জেলার তিনটি করোনাভাইরাস পরীক্ষাকেন্দ্রে ৪৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন শনাক্ত হওয়া ১২৮ জন রোগীর মধ্যে ৫৪ জনই সদর উপজেলার বাসিন্দা। অন্য ব্যক্তিদের মধ্যে সুবর্ণচরে ৩ জন, হাতিয়ায় ২, বেগমগঞ্জে ১৯, সোনাইমুড়ীতে ৮, চাটখিলে ২, সেনবাগে ৪, কোম্পানীগঞ্জে ২৩ ও কবিরহাট উপজেলায় ১৩ জন রয়েছেন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া তিন ব্যক্তি সদর, বেগমগঞ্জ ও কবিরহাট উপজেলার বাসিন্দা। মৃত ব্যক্তিদের বয়স ৬০ থেকে ৭০–এর মধ্যে। এ নিয়ে জেলায় করোনায় মারা গেছেন ১৩৫ জন।

এদিকে নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামের ১২০ শয্যার কোভিড বিশেষায়িত হাসপাতালে বর্তমানে ৪৬ জন করোনা রোগী ও করোনার উপসর্গ নিয়ে ১৫ জন আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন।

জেলা সিভিল সার্জন মাসুম ইফতেখার প্রথম আলোকে বলেন, গত কয়েক দিন নমুনা পরীক্ষা বাড়ায় রোগীর সংখ্যাও বেড়েছে। সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আজ শনিবার জেলায় চতুর্থ সপ্তাহের কঠোর লকডাউন শুরু হয়েছে। নতুন লকডাউনে নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলার ছয়টি ইউনিয়ন ছাড়াও বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভা এবং একলাশপুর ও মীরওয়ারিশপুর ইউনিয়ন যুক্ত করা হয়েছে।