নোয়াখালীতে কলেজছাত্রের খুনিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নে ভবানী জীবনপুর গ্রামে ডাকাতের গুলিতে কলেজছাত্র হাসানুজ্জামান ওরফে হাসান নিহত হওয়ার প্রতিবাদে ও খুনিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল রোববার স্থানীয় ছয়ানী ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপী ওই কর্মসূচি পালিত হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, কলেজছাত্র হাসানুজ্জামানের হত্যাকারী ডাকাতদের গ্রেপ্তারের দাবিতে কর্মসূচিতে অংশগ্রহণের জন্য সকাল থেকেই ছয়ানী ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে স্কুল-কলেজের শিক্ষার্থী ছাড়াও সর্বস্তরের মানুষ ছয়ানী বাজারে জড়ো হতে থাকে। সকাল ১০টা নাগাদ সহস্রাধিক লোকের সমাগম হয়। এরপর উপস্থিত লোকজন হাসানুজ্জামানের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিসংবলিত ব্যানার নিয়ে মানববন্ধন করে। প্রায় এক ঘণ্টার মানববন্ধন শেষে ক্ষুব্ধ এলাকাবাসী ছয়ানী বাজারে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ছয়ানী উচ্চবিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।ছাত্র ঐক্য পরিষদের সভাপতি মো. নাসিরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান জামালউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক আবদুর রশিদ, ইউনিয়ন জামায়াতের সভাপতি আবদুর রহিম, ছাত্রদলের নেতা এস এম নিজাম প্রমুখ বক্তব্য দেন।৮ আগস্ট ছয়ানী ইউনিয়নের ভবানী জীবনপুর গ্রামের বড়বাড়িতে একটি ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতি চলাকালে চৌমুহনী এসএ কলেজের একাদশ শ্রেণীর ছাত্র হাসানুজ্জামান ডাকাতদের চিনে ফেলায় ডাকাতেরা তাঁকে কয়েকটি গুলি করে। এতে কিছুক্ষণের মধ্যেই হাসানুরের মৃত্যু হয়। এ ঘটনায় থানায় একটি হত্যাসহ ডাকাতির মামলা হয়েছে।