নোয়াখালীর উপকূলীয় অঞ্চলের লোকজনকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যেতে কাজ করছেন প্রায় ছয় হাজার স্বেচ্ছাসেবক। এ ছাড়া প্রস্তুত রাখা হয়েছে ১০৫টি চিকিৎসা দল।রেড ক্রিসেন্টের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দ আফরিদুল ইসলাম মেঘনার তীরবর্তী চেয়ারম্যানঘাট থেকে জানান, দুর্গম নলেরচর, কেরিংচর, জাহাজ্জারচরসহ যেসব এলাকায় ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নেই, সেসব এলাকার লোকজনকে বুঝিয়ে তাঁরা বেড়ি বাঁধের ভেতরের নিরাপদ আশ্রয়ে নিয়ে আসার চেষ্টা করছেন।দুর্যোগ প্রস্তুতিমূলক কর্মসূচির (সিপিপি) উপপরিচালক শারাফাত হোসেন বলেন, সংস্থার পাঁচ হাজার ৪৯০ জন স্বেচ্ছাসেবক মানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসার জন্য উদ্বুদ্ধ করার পাশাপাশি আশ্রয়কেন্দ্রে নিয়ে আসছেন। জেলা প্রশাসক মো. সিরাজুল ইসলাম বলেন, সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। লোকজনকে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসার কাজ শুরু হয়েছে। যেসব এলাকায় আশ্রয়কেন্দ্র নেই, সেসব এলাকার বাসিন্দাদের কাছের বিদ্যালয় ভবনে নিয়ে আসতে বলা হয়েছে। এ ছাড়া পর্যাপ্ত পরিমাণ শুকনো খাবার ও নগদ টাকা হাতিয়া, সুবর্ণচর ও কোম্পানীগঞ্জে এরই মধ্যে পৌঁছে দেওয়া হয়েছে। মহাসেনের প্রভাবে গতকাল সকাল থেকে জেলা শহরসহ নোয়াখালীর উপকূলীয় বিভিন্ন উপজেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।