নোয়াখালীতে কালবৈশাখী ১৫ জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী সদর উপজেলার তিনটি ইউনিয়নে গত শনিবার রাতে কালবৈশাখী আঘাত হানে। এতে একটি মাদ্রাসার ছাত্রাবাসসহ আটটি গ্রামের প্রায় ৪৫০টি কাঁচাপাকা ঘর বিধ্বস্ত হয়। উপড়ে যায় অসংখ্য গাছপালা। ঝড়ে ঘরচাপা পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছে। গতকাল রোববার সরেজমিনে গিয়ে জানা যায়, রাত দেড়টার দিকে প্রচণ্ড বেগে কালবৈশাখী শুরু হয়। এতে আন্ডারচর, কালাদরাপ ও পূর্ব চরমটুয়া ইউনিয়নের পূর্ব মাইজচরা, চুলডগী, মুন্সির তালুক, মান্দারতলী, শুল্লকিয়া, চরকাউনিয়া ও সূর্য নারায়ণ বহর গ্রাম সবচেয়ে বেশি ক্ষতি হয়। এসব গ্রামের অন্তত ৪৫০টি কাঁচা ও টিনের ঘর বিধ্বস্ত হয়। গাছপালা ভেঙে অনেক স্থানে বিদ্যুতের তার ছিঁড়ে যায়। শনিবার রাত থেকে গতকাল বিকেল পর্যন্ত অনেক স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। স্থানীয় বাসিন্দা আবুল কাশেম জানান, ঝড়ে আন্ডারচর ইউনিয়নের মাইজচরা গ্রামের জনকল্যাণ মাদ্রাসার হোস্টেলসহ দুটি টিনের ঘর ও জনকল্যাণ মার্কেটের ছয়টি দোকান বিধ্বস্ত হয়। এ সময় ঘরচাপায় আহত হয় চারজন।