ইটভাটার বিষাক্ত কালো ধোঁয়ায় ক্ষতিগ্রস্ত ফসল নিয়ে গতকাল মঙ্গলবার নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছেন কৃষকেরা। জেলার সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের পরিবেশ রক্ষা কমিটি এ কর্মসূচির আয়োজন করে। পরে কমিটির পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি পেশ করা হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ক্ষতিগ্রস্ত কয়েক শ কৃষক বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমবেত হন। সেখানে তাঁরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘ইটভাটার হাত থেকে ফসল বাঁচাও, কৃষক বাঁচাও; কৃষক বাঁচলে দেশ বাঁচবে; পরিবেশ দূষণকারী অবৈধ ইটভাটা বন্ধ করো, কৃষকদের রক্ষা করো’ ইত্যাদি স্লোগান-সংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন।মানববন্ধন শেষে একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ওই কমিটির আহ্বায়ক আবুল খায়ের মজুমদার, সদস্যসচিব মো. জসিম উদ্দিন, মনির আহম্মদ, নাঈমুল আহসান, আজিজুল হক, ফারুক ফয়সাল প্রমুখ।সভায় বক্তারা ইটভাটা বন্ধের দাবি জানিয়ে বলেন, ছাতারপাইয়া ইউনিয়নে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ২০টি ইটভাটার কালো ধোঁয়ায় এখানকার প্রায় ৩২ হাজার বাসিন্দা এখন চরম মানবিক বিপর্যয়ের সম্মুখীন। ইটভাটার কালো ধোঁয়ার কারণে ঘরে ঘরে নারী-শিশু ও বৃদ্ধরা শ্বাসকষ্ট, চর্মরোগসহ নানা রোগ-ব্যাধিতেও আক্রান্ত হচ্ছেন।