প্রশ্নপত্র বিতরণে অব্যবস্থাপনার ঘটনায় নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া উচ্চবিদ্যালয় কেন্দ্রের সচিব ও দুই পরিদর্শককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতি পাওয়া ব্যক্তিরা হলেন, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্রসচিব এ কে এম জাফর আহম্মদ পাটোয়ারী এবং পরিদর্শক মহাদেব চন্দ্র মজুমদার ও হারুন-উর-রশিদ। একই বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক জগন্নাথ সিংহকে কেন্দ্রসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বুধবার এসএসসির বাংলা প্রথম পত্র পরীক্ষায় ওই কেন্দ্রে সাতজন পরীক্ষার্থীকে ভিন্ন সিলেবাসের প্রশ্নপত্র দেওয়া হয়। পরীক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে বিষয়টি কক্ষ পরিদর্শককে অবহিত করে। কিন্তু কক্ষ পরিদর্শকেরা তাঁদের বিতরণ করা প্রশ্নপত্রে পরীক্ষা দেওয়ার নির্দেশ দেন। এ অবস্থায় শিক্ষার্থীরা বাধ্য হয়ে ওই প্রশ্নপত্রে পরীক্ষা দেয় এবং পরীক্ষা শেষে বের হয়ে অভিভাবকদের বিষয়টি জানায়। পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আনোয়ার পাশা কেন্দ্রে এসে পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তদন্ত শেষে পরের দিন বৃহস্পতিবার তিনি কেন্দ্রসচিবসহ ওই দুই পরিদর্শককে দায়িত্ব থেকে অব্যাহতি দেন।বিষয়টি নিশ্চিত করে গতকাল সোমবার দুপুরে ইউএনও আনোয়ার পাশা প্রথম আলোকে বলেন, প্রশ্নপত্র বিতরণে অব্যবস্থাপনার কারণে পরীক্ষার্থীরা যাতে ভুক্তভোগী না হয়, সে ব্যাপারে বোর্ড ও মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে।