নোয়াখালীতে গণপিটুনিতে আহত জলদস্যুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়া উপজেলার নলেরচরে ভূমিহীন বাজারসংলগ্ন পাতারচরে গণপিটুনিতে আহত জলদস্যু আবদুল মালেক (৩৩) গতকাল মঙ্গলবার সকালে হাসপাতালে মারা গেছেন। সকাল আটটার দিকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে গত সোমবার বিকেলে নোয়াখালী জেলা কারাগার থেকে তাঁকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আবদুল মালেক লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরবেদনা গ্রামের মনু মিয়ার ছেলে। একই হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে গতকাল বিকেলে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।
পুলিশ জানায়, গত শুক্রবার বিকেলে পাতারচরে ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় জনতা ধাওয়া করে জলদস্যু ফারুক কমান্ডারসহ চারজনকে ধরে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলে ফারুক কমান্ডারসহ তিনজন নিহত ও তাঁদের সহযোগী আবদুল মালেক গুরুতর আহত হন।
আবদুল মালেককে ঘটনাস্থল থেকে পুলিশ উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে আদালতের মাধ্যমে নোয়াখালী জেলা কারাগারে পাঠায়। সেখানে অবস্থার অবনতি ঘটলে সোমবার সন্ধ্যায় হাসপাতালে ভর্তি করা হলে গতকাল সকালে তাঁর মৃত্যু হয়।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ফরিদ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, আবদুল মালেককে ভর্তির সময় তাঁর জ্ঞান থাকলেও হাত-পা আঘাতের কারণে বেশ ফোলা ছিল।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ফজলে রাব্বি প্রথম আলোকে বলেন, আবদুল মালেকের বিরুদ্ধে হাতিয়া থানায় ডাকাতির প্রস্তুতির মামলা ছাড়াও জলদস্যু ফারুক কমান্ডারের হয়ে চরাঞ্চলের নানা অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।