নোয়াখালীতে গণপিটুনিতে একজনের মৃত্যু
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর আমানউল্লা ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় গণপিটুনিতে মো. জাহিদ (২৯) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। স্থানীয় একটি দোকানে চুরির সন্দেহে গতকাল শনিবার দিবাগত রাতে তাঁকে গণপিটুনি দিলে তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।
নিহত জাহিদ চরবাটা ইউনিয়নের চর মজিদ গ্রামের বাসিন্দা ছিলেন। খবর পেয়ে সুবর্ণচরের চর জব্বার থানার পুলিশ আজ রোববার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় জাহিদের অপর দুই সঙ্গীর ধারালো অস্ত্রের আঘাতে ব্যবসায়ী ইকবাল হোসেন ওরফে বিপুল সওদাগর (৩২) গুরুতর আহত হয়েছেন। তাঁকে স্থানীয়রা উদ্ধারের পর একই হাসপতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দিবাগত রাত পৌনে তিনটার দিকে নোয়াপাড়া এলাকার বেড়িবাঁধের ওপর ইকবালের দোকানের টিনের বেড়া কেটে তিন সদস্যের একদল চোর ভেতরে ঢোকে। মালামাল চুরির একপর্যায়ে ঘুমন্ত ইকবাল টের পেয়ে জাহিদকে ধরে চিত্কার দেন। এ সময় অন্য দুজন ধারালো অস্ত্রের আঘাত করে তাদের সঙ্গীকে ছিনিয়ে নিতে ব্যর্থ হয়ে পালিয়ে যায়। তাত্ক্ষণিক আশপাশের লোকজন এসে জাহিদকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
গণপিটুনির ঘটনা নিশ্চিত করেন সুবর্ণচরের চর জব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম এনামুল কবির। প্রথম আলোকে তিনি বলেন, নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।