নোয়াখালীতে গাড়ি উল্টে পুলিশের ৫ কর্মকর্তা আহত
নোয়াখালীর চাটখিলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশের গাড়ি উল্টে যায়। এতে চাটখিল থানার পাঁচ কর্মকর্তা আহত হয়েছেন। গতকাল শুক্রবার ভোরে উপজেলার মুন্সির রাস্তা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন উপপরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন, মিল্টন রহমান, মো. মহসিন, মো. লুৎফুর রহমান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) নূর-এ-আজম। উন্নত চিকিৎসার জন্য এসআই জসিম উদ্দিনকে ঢাকায় নেওয়া হয়েছে।
পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে একটি মাইক্রোবাস নিয়ে অভিযানে যায় পুলিশের একটি দল। রাতভর অভিযান শেষে গতকাল ভোরে থানায় ফেরার পথে মুন্সির রাস্তা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে চারজন এসআই ও একজন এএসআই আহত হন।
পুলিশ জানায়, স্থানীয় লোকজনের সহযোগিতায় আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে এসআই জসিম উদ্দিন, মিল্টন রহমান ও এএসআই নূর-এ-আজমকে নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে এসআই জসিমকে ঢাকায় নেওয়া হয়। এসআই মহসিন ও লুৎফুর রহমানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিম উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।