নোয়াখালীতে গুলিতে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ী ও বেগমগঞ্জ উপজেলার সীমানার আপানিয়া বাজার এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যর গুলিতে খোরশেদ আলম (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ইমাম হোসেন (৩০) নামে আরও এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।
নিহত খোরশেদ আলম সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের রসুলপুর গ্রামের গনি মিয়ার পুত্র। তিনি পেশায় চটপটি ব্যবসায়ী বলে জানা গেছে। এ ছাড়া গুলিবিদ্ধ ইমাম হোসেন বেগমগঞ্জের মীরওয়ারিশপুর ইউনিয়নের মীর আলীপুর গ্রামের সুলতান মিয়ার ছেলে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যর গুলিতে এক ব্যক্তি নিহত হওয়ার কথা নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার মো. আনিসুর রহমান।
রাত সাড়ে ১১টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ওই পথ দিয়ে টহল দেওয়ার সময় অবরোধকারীরা স্লোগান দিতে শুরু করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে খোরশেদ আলম ও ইমাম হোসেন গুলিবিদ্ধ হন। তাঁদের মধ্যে খোরশেদ আলমকে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।