নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা বাজারে গত শুক্রবার বিকেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে আহত কোরবান আলী (১৭) নামের এক যুবক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় কোরবান মারা যায়।নিহত কোরবান আলী বজরা ইউনিয়নের মটুবি গ্রামের মো. লোকমানের পুত্র এবং পেশায় ইলেকট্রিশিয়ান। জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা আলাউদ্দিন নিহত কোরবান আলীকে স্থানীয় জামায়াতের সক্রিয় সমর্থক বলে দাবি করেছেন।তবে, নিহতের ভগ্নিপতি শাহজামাল সবুজ প্রথম আলোকে বলেন, তাঁর শ্যালক কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিল না। সবুজ তাঁর সঙ্গে চৌমুহনীতে ইলেকট্রিশিয়ানের কাজ করত।ওই দিনের ঘটনার বর্ণনা দিতে গিয়ে শাহজামাল প্রথম আলোকে বলেন, শুক্রবার দুপুর পৌনে দুইটার দিকে তাঁর শ্যালক মটুবি গ্রামের মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়। এমন সময় জামায়াত ও শিবিরের লোকজন মিছিল বের করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষ বাধে। একপর্যায়ে কোরবান আলী আত্মরক্ষার জন্য ছোটাছুটি করতে গিয়ে র্যাবের গুলিতে আহত হয়। মুমূর্ষু অবস্থায় তাকে প্রথমে কুমিল্লা ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাতে সে মারা যায়। জানতে চাইলে গুলিবিদ্ধ কোরবান আলীর মৃত্যুর কথা নিশ্চিত করে ভারপ্রাপ্ত পুলিশ সুপার মাহবুব রশীদ প্রথম আলোকে বলেন, শুক্রবার রাত একটার দিকে মৃত্যুর বিষয়টি তিনি জেনেছেন। ময়নাতদন্ত শেষে সেখানে পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হবে।