নোয়াখালীতে গুলিবিদ্ধ হয়ে এক অবরোধকারী নিহত
নোয়াখালীর সোনাইমুড়ী ও বেগমগঞ্জ উপজেলার সীমানার আপানিয়া বাজার এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে খোরশেদ আলম (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। এ সময় ইমাম হোসেন (৩০) নামের আরেক যুবক গুলিবিদ্ধ হন।
নিহত খোরশেদ আলম সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের রসুলপুর গ্রামের গণি মিয়ার ছেলে। তিনি পেশায় চটপটি ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে। গুলিবিদ্ধ ইমাম হোসেন বেগমগঞ্জের মীরওয়ারিশপুর ইউনিয়নের মীর আলীপুর গ্রামের সুলতান মিয়ার ছেলে।
জানতে চাইলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. আনিসুর রহমান। আজ সকালে তিনি প্রথম আলো ডটকমকে বলেন, রাস্তার পাশের গাছ কেটে সড়ক অবরোধ করতে দেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুলি ছুড়লে ওই হতাহতের ঘটনা ঘটে। ঘটনার পর ওই এলাকায় পুলিশের টহল বাড়ানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসি কার্যকর করার পর দলের কর্মী-সমর্থকেরা সোনাইমুড়ী ও বেগমগঞ্জ উপজেলার সীমান্তবর্তী আপানিয়া বাজার এলাকায় গাছ কেটে নোয়াখালী-কুমিল্লা সড়কে বাধার সৃষ্টি করে।
রাত সাড়ে ১১টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ওই পথ দিয়ে টহল দেওয়ার সময় অবরোধকারীরা স্লোগান দিতে শুরু করে। এ সময় অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ কয়েকটি গুলি ছোড়ে। এতে খোরশেদ আলম ও ইমাম হোসেন গুলিবিদ্ধ হন। তাঁদের মধ্যে খোরশেদ আলমকে নোয়াখালী সদরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।