নোয়াখালীতে গৃহকর্মীর মৃত্যু নিয়ে রহস্য
নোয়াখালীর সোনাইমুড়ীতে এক কিশোরীকে (১৭) হত্যার আগে যৌন নির্যাতন করা হয়েছে বলে তার পরিবার অভিযোগ করেছে। ওই কিশোরী উপজেলার নাওতলা এলাকার একটি বাড়িতে গৃহকর্মীর কাজ করত। গত মঙ্গলবার সন্ধ্যায় সোনাইমুড়ী-সেনবাগ সড়কের বিজয়নগর এলাকার বালুর স্তূপের পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। যে বাড়িতে সে কাজ করত সেই বাড়ি থেকে সোয়া কিলোমিটার দূরে তার লাশ পাওয়া যায়।
গত বুধবার ময়নাতদন্তের পর গতকাল বৃহস্পতিবার দুপুরে সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের আটিয়াবাড়ি গ্রামের বাড়িতে কিশোরীর লাশ দাফন করা হয়েছে।
নিহত কিশোরীর বড় ভাই মো. শিবলু বলেন, সাত বছর আগে তাঁর ছোট বোনকে সোনাইমুড়ীর নওতলা গ্রামের মোজাম্মেল হক নামের এক ব্যক্তির বাড়িতে গৃহকর্মীর কাজে পাঠান তাঁর মা-বাবা। গৃহকর্তার কলেজপড়ুয়া এক ছেলে বিভিন্ন সময় তাঁর বোনকে বিরক্ত করত বলে তিনি অভিযোগ করেন। যৌন নির্যাতন চালিয়ে তাঁর বোনকে হত্যার পর লাশ বাড়ি থেকে সোয়া কিলোমিটার দূরে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
শিবলুর অভিযোগ, তাঁর বোনের মৃত্যুর পর লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে নেওয়ার সময় তাঁদের পরিবারের কাউকে থাকতে দেওয়া হয়নি। হাসপাতালে তাঁরা লাশের জন্য গেলেও লাশ দেওয়া হয়নি। বাড়িতে লাশ নিয়ে আসে পুলিশ। পরে সাদা কাগজে তাঁদের কাছ থেকে স্বাক্ষর নেয় পুলিশ।
অবশ্য শিবলুর করা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন ওই বাড়ির গৃহকর্তা মোজাম্মেল হোসেন। গতকাল বিকেলে মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, ওই মেয়ে সাত বছর ধরে তাঁর বাড়িতে কাজ করছে। বাড়িতে যেতে বললেও মেয়েটি যেতে রাজি হতো না। মঙ্গলবার দুপুর থেকে হঠাৎ নিখোঁজ হয় সে। সন্ধ্যার দিকে বাড়ি থেকে কিছুটা দূরে রাস্তার পাশে তার লাশ পাওয়া যায়। তিনি বলেন, মেয়েটির মৃত্যুর রহস্য উদ্ঘাটিত হোক তা তাঁরাও চান।
নোয়াখালী জেনারেল হাসপাতালে লাশের ময়নাতদন্ত করেন চিকিৎসক আরিফুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, মৃত্যুর কারণ নিশ্চিত হতে মৃতদেহের বিভিন্ন নমুনা সংরক্ষণ করা হয়েছে। ভিসেরা পরীক্ষার পর মৃত্যুর কারণ জানা যাবে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল মিঞা বলেন, লাশ পরিবার বুঝে নিয়েছে, এ জন্য স্বাক্ষর নেওয়া হয়েছে। সাদা কাগজে সেটাই লেখা ছিল। ময়নাতদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।