নোয়াখালীতে গৃহবধূ ও যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে পৃথক ঘটনায় নিহত এক গৃহবধূসহ এক যুবকের লাশ উদ্ধার করেছে সুধারাম ও চাটখিল থানার পুলিশ। গতকাল শনিবার দুপুরে ও গত শুক্রবার রাতে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে সদর উপজেলার পূর্ব লক্ষ্মীনারায়ণপুর গ্রামের আবুল কাশেমের ছেলে নাছির উদ্দিন ওরফে রিপন (২০) স্থানীয় মার্কেটে তাঁর প্রেমিকাকে নিয়ে ঘুরতে বের হন। এ সময় তাঁদের শিক্ষক দুজনকে একসঙ্গে দেখে মেয়েটিকে ডেকে নিয়ে তাঁর মায়ের কাছে পাঠিয়ে দেন। এ নিয়ে পরিবারের লোকজন বকাঝকা করলে ঘরে নিজের কক্ষে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন নাছির উদ্দিন। জানতে চাইলে প্রেমঘটিত বিষয় নিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে নিশ্চিত করেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক। তিনি গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।অন্যদিকে জেলার চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের দেলিয়াই গ্রাম থেকে শুক্রবার রাতে জুলেখা বেগম (৩৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে থানার পুলিশ। তিনি ওই গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী।পারিবারিক সূত্রের বরাত দিয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. মহসিন সরকার বলেন, শুক্রবার বিকেলে মেয়েকে মারধর করায় স্ত্রী জুলেখাকে বকাঝকা করেন স্বামী সিরাজুল ইসলাম। এ ঘটনার পর অভিমান করে বিষপান করেন জুলেখা।এসআই মহসিন জানান, এরপর ঘরের লোকজন বিষয়টি টের পেয়ে জুলেখাকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে রাত ১০টায় তাঁরা বাড়ি থেকে লাশ উদ্ধার করেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।