নোয়াখালীতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে গত বৃহস্পতিবার সন্ধ্যায় পারভিন আক্তার (২৫) নামের এক গৃহবধূকে তাঁর স্বামী ও শাশুড়ি পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ জানায়, এ ঘটনায় গতকাল শুক্রবার কোম্পানীগঞ্জ থানায় পারভিনের স্বামী ও শাশুড়িকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে। পারভিনের বাবা মো. আক্তারুজ্জামান এ মামলা করেন।পুলিশ ও পারিবারিক সূত্রের ভাষ্য অনুযায়ী, সাত বছর আগে একই ওয়ার্ডের শেখ ফরিদের সঙ্গে পারভিনের বিয়ে হয়। পারিবারিক কলহের জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় স্বামী ও শাশুড়ি পারভিনকে মারধর করেন। একপর্যায়ে তিনি মারা যান। ঘটনার পরপরই স্বামী ও শাশুড়ি পারভিনের লাশ বাড়ির উঠানে ফেলে পালিয়ে যান। পরে রাতে পুলিশ লাশটি উদ্ধার করে।কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, গলায় রশি প্যাঁচানো অবস্থায় লাশটি বাড়ির উঠানে পড়ে ছিল। সুরতহাল প্রতিবেদন তৈরির সময় পারভিনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের দাগ দেখা গেছে। ওসি জানান, ঘটনার পর থেকে ওই গৃহবধূর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক।