নোয়াখালীতে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী শহরের হরিনারায়ণপুর এলাকায় শ্বশুরবাড়িতে আমেনা খাতুন (২২) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাত ১১টার দিকে ওই বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।এ ঘটনায় নিহত আমেনার বাবা আবদুল মান্নান সুধারাম থানায় হত্যা মামলা করেছেন। পুলিশ মামলার তিন আসামি আমেনার স্বামী জয়নাল আবেদিন, শ্বশুর আবু জাহের ও শাশুড়ি মাহমুদা বেগমকে গ্রেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার সকালে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।মামলার এজাহারে বলা হয়েছে, সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের শুলকিয়া গ্রামের আমেনার সঙ্গে প্রায় চার বছর আগে জেলা শহরের হরিনারায়ণপুর এলাকার জয়নাল আবেদিনের বিয়ে হয়। বিয়ের পর থেকে নানা বিষয়ে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন প্রায়ই আমেনাকে মারধর করত। এরই ধারাবাহিকতায় বুধবার বিকেল পাঁচটা থেকে ছয়টার মধ্যে কোনো এক সময়ে স্বামী ও শ্বশুর-শাশুড়ি মিলে শ্বাসরোধে তাঁকে হত্যা করেন।মামলার তদন্ত কর্মকর্তা ও সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির সময় আমেনার গলায় কালো দাগ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে ওড়না বা কাপড় পেঁচিয়ে তাঁকে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।