নোয়াখালীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কবিরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ফতেজঙ্গপুর এলাকার নূরবক্স বাড়ি থেকে মিতু আক্তার (২৬) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মিতু ওই ওয়ার্ডের বাসিন্দা মো. আইয়ুবের স্ত্রী। ময়নাতদন্তের জন্য আজ সোমবার মিতুর লাশ নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল সকালে মিতুর স্বামী স্থানীয় একটি মাছের খামারে কাজ করতে যান। সকাল সাড়ে ১০টার দিকে তিনি বাড়িতে এসে বাসার দরজা ভেতর থেকে বন্ধ অবস্থায় পান। এরপর স্ত্রীকে ডাকাডাকি করার পরও কোনো সাড়াশব্দ না পেয়ে তিনি থানায় খবর দেন।
কবিরহাট থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান পুলিশ নিয়ে ওই বাড়িতে যান এবং ঘরের দরজা ভেঙে ভেতর থেকে বৈদ্যুতিক পাখার হুকের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মিতুর লাশ উদ্ধার করেন।
এসআই মো. শাহজাহান প্রথম আলোকে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।