নোয়াখালীতে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের পশ্চিম চরউরিয়া গ্রাম থেকে গতকাল শুক্রবার দুপুরে স্বপ্না আক্তার (২০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের পক্ষ থেকে ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে দাবি করে স্বামী মো. জাবেদকে (২৫) আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।অন্যদিকে স্বপ্নার লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। বিকেলে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। পরে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার লামচর গ্রামে নিহতের লাশ দাফন করা হয়। এ ঘটনায় সুধারাম থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।গৃহবধূর বাবা সফিউল্লা অভিযোগ করেছেন, গত বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর মেয়েকে যৌতুকের দাবিতে মারধর করে মেরে ফেলা হয়েছে। মৃত্যু নিশ্চিত হওয়ার জন্য গলা টিপে হত্যা করেছেন স্বামী জাবেদ ও তাঁর পরিবারের লোকজন। গলায় কালো দাগ রয়েছে। হত্যার পরপরই স্বামী ও শাশুড়ি পালিয়ে যান। এ খবর পেয়ে তিনি সুধারাম থানায় লিখিতভাবে বিষয়টি অবহিত করেন। সুধারাম থানার উপপরিদর্শক আবদুল বাতেন বলেন, বাবার অভিযোগের ভিত্তিতে গতকাল শুক্রবার দুপুরে পশ্চিম চরউরিয়ায় তাঁর স্বামীর বাড়ি থেকে গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। তখন বাড়িতে স্বামীর পরিবারের কেউ ছিলেন না। স্বপ্নার আত্মীয়স্বজনেরাই জাবেদকে আটক করে পুলিশে দিয়েছেন। তিনি আরও বলেন, ঘটনাটির তদন্ত চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে হত্যা, না আত্মহত্যা।