নোয়াখালীতে গৃহবধূর লাশ উদ্ধার
নোয়াখালী সদর উপজেলার ধর্মপুর গ্রাম থেকে গতকাল শনিবার সকালে জেসমিন আক্তার (২২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। জেসমিন ওই গ্রামের বেলাল হোসেনের স্ত্রী। উদ্ধারের পর লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ-ছয় বছর আগে ধর্মপুর গ্রামের বেলাল হোসেনের সঙ্গে পার্শ্ববর্তী ভাটিরটেক গ্রামের জেসমিন আক্তারের বিয়ে হয়। তাঁদের দুটি কন্যাশিশু রয়েছে। শুক্রবার দুপুরে সাংসারিক বিষয় নিয়ে জেসমিনের সঙ্গে স্বামী বেলালের ঝগড়া হয়। ঝগড়ার পর বেলাল নোয়াখালী শহরে তাঁর কর্মস্থলে চলে যান। এরপর সন্ধ্যা সাতটার দিকে জেসমিন বসতঘরের আড়ার সঙ্গে কাপড় প্যাঁচিয়ে ফাঁস দেন। ঘরের লোকজন ঘটনাটি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে ফাঁস কেটে জেসমিনকে মাটিতে নামায়। কিন্তু ততক্ষণে তাঁর মৃত্যু হয়। রাত ১০টার দিকে বাড়ির লোকজন থানায় খবর দেয়। ঘটনাস্থল পরিদর্শনকারী সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) আবদুল বাতেন প্রথম আলোকে বলেন, ‘বাড়ির লোকজনের তথ্যমতে, স্বামীর সঙ্গে ঝগড়ার জের ধরে জেসমিন আত্মহত্যা করেছেন। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকালে লাশের গলায় কালো দাগ দেখা গেছে। যা ফাঁসের দাগ বলে মনে হয়েছে। এ ঘটনায় জেসমিনের চাচা নুরুল আলম বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।’