নোয়াখালীতে গৃহবধূর লাশ উদ্ধার নির্যাতনে মৃত্যুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের চর বৈশাখী গ্রাম থেকে রাহেনা আক্তার (২০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে চর জব্বার থানা পুলিশ। স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে গত সোমবার সন্ধ্যায় লাশটি উদ্ধার করা হয়।নিহত রাহেনা ওই গ্রামের মো. ছারওয়ারের স্ত্রী এবং একই গ্রামের মোস্তফা ব্যাপারির কন্যা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় আড়াই বছর আগে রাহেনার বিয়ে হয় একই গ্রামে। বিয়ের দুই মাস পর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের দাবিতে তাঁর ওপর বিভিন্ন ধরনের নির্যাতন শুরু করে।রাহেনার বাবা বাড়ির অদূরে ১৬ শতক জমি কিনে মেয়েকে একটি বাড়ি করে দেন। এর পর থেকে তাঁরা ওই বাড়িতে বসবাস করতেন। এরই মধ্যে রাহেনার স্বামী, শ্বশুর-শাশুড়ি মিলে কৌশলে জাল দলিলের মাধ্যমে রাহেনাকে দেওয়া জমি নিজেদের করে নেন। এ নিয়ে রাহেনার পরিবারের সঙ্গে শ্বশুরবাড়ির লোকজনের আদালতে মামলা চলছে।রাহেনার ভাই জসিম উদ্দিন জানান, জাল দলিলের মাধ্যমে তাঁর বোনের নামের জমি আত্মসাৎ করা নিয়ে মামলার পর থেকে শ্বশুরবাড়ির লোকজন তাঁকে প্রায়ই নির্যাতন করত। তাই তাদের নির্যাতনেই রাহেনা সোমবার ভোরে অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁরা সেখান থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে আসার পথে রাহেনার মৃত্যু হয়।