নোয়াখালীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই শিশুর মৃত্যু
নোয়াখালীর কোম্পানীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে দুই শিশু মারা গেছে। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের দক্ষিণ মুছাপুরের বাগদা বাজারে একটি চায়ের দোকানে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো মো. ফাহিম (৮) ও সাফায়েত হোসেন (১১)। এ ঘটনায় আরও এক শিশুসহ দুজন দগ্ধ হয়েছে। শিশুরা দোকানে টেলিভিশন দেখতে গিয়েছিল।
পুলিশ ও বাগদা বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, দুর্ঘটনার পর গুরুতর দগ্ধ শিশু ফাহিমকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে আটটার দিকে তার মৃত্যু হয়। আর হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে মারা যায় সাফায়েত।
দগ্ধ অন্য দুজন হলেন চা-দোকানের মালিক মো. মামুন (২০) ও মো. জিসান (১০)। তাদের জেলা শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্য, বাগদা বাজারের চা-দোকানদার মামুন দুপুরে দোকান বন্ধ করে বাড়িতে যান। বেলা তিনটার দিকে তিনি দোকান খোলার পর দেখেন, গ্যাসের সিলিন্ডারের মুখ দিয়ে গ্যাস বের হচ্ছে। তিনি ঠিক করার চেষ্টা করতেই সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। একই কথা বলেছেন ফায়ার সার্ভিসের কোম্পানীগঞ্জ স্টেশনের কর্মকর্তা আজিজুল হক।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মোহাম্মদ ফরিদ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, আগুনে শিশু ফাহিমের পুরো শরীর পুড়ে যায়। হাসপাতালে আনার পর তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু নেওয়ার আগেই রাত পৌনে আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ফজলে রাব্বী প্রথম আলোকে বলেন, বিস্ফোরণে দুই শিশু মারা গেছে। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।