নোয়াখালীতে গ্রেপ্তার ছাত্রলীগের নেতাসহ ৩ জন জেলহাজতে
নোয়াখালীতে অপহরণ ও মুক্তিপণ আদায়ের মামলায় গ্রেপ্তার ছাত্রলীগ ও যুবলীগের তিন নেতা-কর্মীকে গতকাল রোববার জেলহাজতে পাঠানো হয়েছে।যাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে তাঁরা হলেন: জেলা ছাত্রলীগের জ্যেষ্ঠ সহসভাপতি বেলাল হোসেন (২৯), যুবলীগ কর্মী মো. ছুট্টু মিয়া (২৮) ও ফয়জুল্লা মাহমুদ (৩০)। শনিবার শহরের হাসপাতাল রোড থেকে বেলাল ও ছুট্টুকে এবং খোন্দকারপাড়া থেকে ফয়জুল্লাকে গ্রেপ্তার করা হয়। গতকাল তাঁদের নোয়াখালীর বিচারিক হাকিমের আদালতে হাজির করা হয়। আসামিদের পক্ষে করা জামিনের আবেদন নামঞ্জুর করে আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন প্রথম আলোকে জানান, অপহরণ ও মুুক্তিপণ আদায়ের মামলায় ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। জেলা ছাত্রলীগের সভাপতি ইমন ভট্ট জানান, ওই ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।