নোয়াখালীতে চাঁদা না পেয়ে হামলা, নারীসহ আহত ৫
চাঁদা না পেয়ে নোয়াখালীর সদর উপজেলার কাদিরহানিফ গ্রামে একই পরিবারের তিনজনসহ পাঁচজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।আহতদের মধ্যে তিনজনকে সুধারাম থানা পুলিশ উদ্ধার করে রাতেই নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তাঁরা হলেন দেলোয়ার হোসেন (৫০), তাঁর স্ত্রী আমেনা বেগম (৩৫) ও মেয়ে তারিন আক্তার (১৩)। এ ছাড়া আহত বাকি দুজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের দেলোয়ার হোসেন একই গ্রামে তাঁর শ্বশুরবাড়ির পাশে কেনা ৬০ শতক জমি কয়েক মাস আগে ৭০ লাখ টাকায় বিক্রি করেন। এ খবর পেয়ে স্থানীয় একদল চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসী দেলোয়ার হোসেনের কাছে প্রথম ১৫ লাখ, পরে ১০ লাখ, তার পর পাঁচ লাখ এবং সর্বশেষ তিন লাখ টাকা চাঁদা দাবি করে। দেলোয়ার চাঁদা দিতে অস্বীকার করলে চাঁদাবাজেরা খেপে যায়।শুক্রবার রাত আটটার দিকে দেলোয়ার মোটরসাইকেলে জেলা শহর মাইজদী থেকে কাদিরহানিফ বাজারে গেলে ওই সন্ত্রাসীরা তাঁর গতিরোধের চেষ্টা করে। এ সময় তিনি মোটরসাইকেল নিয়ে দ্রুতগতিতে বাড়ির দিকে চলে যান। সন্ত্রাসীরা তাঁর পিছু নেয়। একপর্যায়ে বাড়ির পাশের দোকানের সামনে গেলে সন্ত্রাসীরা ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতে তাঁর ওপর হামলা চালায়।এ সময় তাঁর চিৎকারে বাড়ি থেকে স্ত্রী ও মেয়েরা এবং পাশের দোকান থেকে স্ত্রীর বড় ভাই (শ্যালক) মো. লিটন এগিয়ে এলে সন্ত্রাসীরা তাঁদের ওপরও হামলা চালিয়ে কুপিয়ে আহত করে। আহত লিটন অভিযোগ করেন, হামলাকারী নাছির, আবুল কালামসহ অন্যরা এ সময় তাঁর দোকানেও হামলা-ভাঙচুর চালায় এবং মালামাল লুট করে।লিটনের অভিযোগ, সন্ত্রাসীরা হামলা-ভাঙচুর চালানোর পর তাঁর ভগ্নিপতি, বোন ও ভাগনিকে হাসপাতালে নিতে অ্যাম্বুলেন্স এলেও তাঁদের হাসপাতালে নিতে বাধা দেওয়া হয়। পরে সুধারাম থানা পুলিশ এসে তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) মো. এয়াছিন ফারুক বলেন, সন্ত্রাসীদের হুমকি ও বাধার কারণে যখন আহত ব্যক্তিরা হাসপাতালে যেতে পারছিলেন না, তখন তিনি গিয়ে তাঁদের উদ্ধার করেন।এসআই এয়াছিন আরও বলেন, দাবি করা চাঁদা না পেয়ে ওই হামলা চালানো হয়েছে এবং একই এলাকার মো. নাছির ও আবুল কালামসহ একদল চিহ্নিত সন্ত্রাসী ওই হামলার সঙ্গে জড়িত বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ ঘটনায় থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।