নোয়াখালীতে চার দফা দাবিতে অটোরিকশার ধর্মঘট চলছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দৈনিক জমার পরিমাণ কমানোসহ চার দফা দাবিতে নোয়াখালীতে গত শনিবার থেকে সিএনজিচালিত অটোরিকশার চালকেরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছেন। এতে জেলার প্রধান বাণিজ্যিক শহর চৌমুহনী, সেনবাগ, সোনাইমুড়ী ও চাটখিল উপজেলার বিভিন্ন রুটে অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে।চৌমুহনীর পূর্ব বাজারে শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে শনিবার এক সভায় সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতারা দাবি বাস্তবায়ন কমিটি গঠন এবং চার দফা দাবি ঘোষণা করেন। কমিটির আহ্বায়ক রেজাউল করিম জানান, চার দফা দাবি হলো, জমা কমিয়ে ৩০০ টাকা করা, রাস্তায় চলাচলের খরচ মালিকপক্ষকে দিতে হবে, শ্রমিক ছাঁটাই করতে হলে ১৫ দিন আগে জানাতে হবে এবং মামলার খরচ মালিককে দিতে হবে।নোয়াখালী অটোরিকশা মালিক সমিতির সভাপতি মাসুদ পারভেজ জানান, শ্রমিকেরা তাঁদের সঙ্গে কোনো আলোচনা না করে অঘোষিতভাবে ধর্মঘটের ডাক দিয়েছেন, যা খুবই অন্যায়।