নোয়াখালীতে চোর সন্দেহে টোকাইকে পিটিয়ে হত্যার অভিযোগ
নোয়াখালীর চাটখিলে চোর সন্দেহে মো. আলমগীর (১৮) নামের এক টোকাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলা সদরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে থানা-পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১২টার দিকে আলমগীর ও সবুজ নামের দুই টোকাই উপজেলা সদরে চাটখিল মহিলা কলেজসংলগ্ন বাসাবাড়ির পেছনে পরিত্যক্ত জায়গা থেকে ভাঙারি জিনিসপত্র খোঁজার সময় পার্শ্ববর্তী দোকানের ব্যবসায়ীসহ আশপাশের লোকজন তাঁদের চোর সন্দেহ করে পিটুনি দেন। একপর্যায়ে পিটুনি থেকে রক্ষা পাওয়ার জন্য আলমগীর ও সবুজ দৌড়ে পার্শ্ববর্তী পুকুরে ঝাঁপ দেন। কিছুক্ষণ পর সবুজ পুকুর থেকে কূলে উঠে এলেও আলমগীর পানিতে পড়ার পর মারা যান।জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজমুল হক। তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, নিহত আলমগীর ও সবুজের বাড়ি চট্টগ্রামে। তাঁরা বেগমগঞ্জের চৌমুহনীর একটি বস্তিতে থাকে। গতকাল দুপুরে চাটখিল মহিলা কলেজসংলগ্ন বাসার পেছনে পরিত্যক্ত জায়গা থেকে ভাঙারি জিনিসপত্র খুঁজতে গেলে স্থানীয় লোকজন চোর সন্দেহে তাঁদের পিটুনি দেয়। এ সময় দুজনই দৌড়ে গিয়ে পুকুরে পড়ার পর একজন উঠতে সক্ষম হলেও অন্যজন মারা যান। ওসি আরও জানান, ঘটনাটি হত্যাকাণ্ড কি না এবং নিহত আলমগীর ও সবুজকে কারা পিটুনি দিয়েছে, সে সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।