নোয়াখালীতে চোরাই প্রাইভেট কারসহ দুই যুবক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালী শহরের সোনাপুর এলাকায় বিসিক শিল্পনগরে অভিযান চালিয়ে পুলিশ চোরাই প্রাইভেট কারসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন চট্টগ্রামের রাউজান উপজেলার সুলতানপুরের নুর ইসলামের ছেলে মো. মঞ্জুর (২৩) ও একই গ্রামের সঞ্জু দাসের ছেলে টিপু রঞ্জন দাস (২৪)। গতকাল সোমবার তাঁদের নোয়াখালী বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম চৌধুরী জানান, চট্টগ্রাম থেকে দুই যুবক একটি চোরাই প্রাইভেট কার নিয়ে সোনাপুরের বিসিক শিল্পনগরে বিক্রি করতে আনেন। গোপন সংবাদে তাঁরা বিষয়টি জানতে পেরে সেখানে অভিযান চালিয়ে প্রাইভেট কারসহ (চট্টমেট্রো-থ ১১-০০১২) দুই যুবককে আটক করে থানায় নিয়ে আসেন। পরে থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবকেরা প্রাইভেট কারটি চুরি করে আনার কথা স্বীকার করেন।