নোয়াখালীতে ছাত্রকে মারধরের ঘটনায় শিক্ষক গ্রেপ্তার
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার শহীদ জয়নাল আবদিন মডেল উচ্চবিদ্যালয়ে শিক্ষকের মারধরের ঘটনায় অভিযুক্ত শিক্ষক মো. ইউছুফকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় চরজব্বার থানার পুলিশ তাঁকে স্থানীয় আটকপালিয়া বাজার থেকে গ্রেপ্তার করে। এর আগে বিকেলে আহত ছাত্র শাহদাত হোসেনের চাচা সিরাজুল ইসলাম বাদী হয়ে শিক্ষক মো. ইউছুফ ও এস এম হেলাল উদ্দিনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরই পুলিশ অভিযুক্ত শিক্ষক ইউছুফকে গ্রেপ্তার করে। মামলার অপর আসামি আত্মগোপন করেছেন বলে পুলিশ জানিয়েছে।এদিকে, ছাত্রকে মারধরের ঘটনার খবর জানতে গতকাল সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলামুর রহমান ওই বিদ্যালয়ে যান। তিনি অভিযুক্ত দুই শিক্ষককে ডেকে নিয়ে বকাঝকা করেন।একই সঙ্গে ইউএনও ঘটনার তদন্তে সহকারী কমিশনার (ভূমি) কামরুল আহছান তালুকদারকে ঘটনাটি তদন্ত করে দ্রুত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। কামরুল আহছান গতকালই তাঁর তদন্ত শুরু করেছেন বলে জানা গেছে।মারধরের শিকার ছাত্র শাহদাত হোসেনের বাবা আবুল কালাম গতকাল প্রথম আলোকে বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন তাঁর ছেলে এখনো ঠিকমতো কথা বলতে পারে না। বুকে প্রচণ্ড ব্যথা রয়েছে। তাকে গতকাল জেলা সদরে নিয়ে বুকের এক্স-রে করানো হয়েছে। এখনো প্রতিবেদন পাওয়া যায়নি।