নোয়াখালীতে ছাত্রদল নেতা গ্রেপ্তার
নোয়াখালীর সুবর্ণচর উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আলী আহছান ওরফে তারেককে (২৪) গ্রেপ্তার করেছে চরজব্বার থানার পুলিশ। গতকাল বুধবার বেলা তিনটার দিকে চরজব্বার স্বাস্থ্য কমপ্লেক্স সড়কের মাথার দলীয় কার্যালয় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা আনুমানিক তিনটার দিকে দলীয় ও উপজেলা নির্বাচনের নির্বাচনী কার্যালয়ে বসে আড্ডা দিচ্ছিলেন উপজেলা ছাত্রদলের নেতা আলী আহছান। এ সময় পুলিশের একটি দল তাঁকে সেখান থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
এদিকে গ্রেপ্তারের পর আলী আহছানকে থানায় নির্যাতন করার অভিযোগ করেছেন তাঁর বাবা স্কুলশিক্ষক আলী আক্কাছ। তিনি প্রথম আলোকে বলেন, ছেলেকে গ্রেপ্তারের খবর শুনে তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ফোন দিয়ে গ্রেপ্তারের কারণ জানতে চান। ওসি আলী আহছানকে গ্রেপ্তারের পাশাপাশি থানায় পেটানো হচ্ছে বলেও জানান এবং এ বিষয়ে কোনো তদবির না করার পরামর্শ দেন।
একই অভিযোগ করেছেন উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী এ বি এম জাকারিয়াও।
তবে আলী আহছানকে গ্রেপ্তারের কথা স্বীকার করলেও থানায় নির্যাতনের অভিযোগ অস্বীকার করেন চরজব্বার থানার ওসি এ কে এম এনামুল কবির। প্রথম আলোকে তিনি বলেন, নিয়মিত মামলার আসামি হিসেবে আলী আহছানকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে।