নোয়াখালীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী সদর উপজেলার পূর্ব কাদিরহানিফ ইউনিয়নের কিল্লারপোল নামক স্থানে আলিমুর রহমান ওরফে মোর্শেদ (২৫) নামের ছাত্রদলের এক নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
গত সোমবার দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার পর স্থানীয় লোকজন আলিমুরকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়।
আহত আলিমুরের বাড়ি কাদিরহানিফ ইউনিয়নের নিত্যানন্দপুর গ্রামে। তিনি সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।
স্থানীয় সূত্র জানায়, রাত ১১টার দিকে আলিমুর নিজেদের মৎস্য খামার দেখে সিএনজিচালিত অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন। অটোরিকশাটি কিল্লারপোল নামক স্থানে আসামাত্র অজ্ঞাতনামা চার-পাঁচজন দুর্বৃত্ত তাঁকে অটোরিকশা থেকে নামিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার বলেন, ‘ছাত্রদলের এক নেতা হামলার শিকার হয়েছেন বলে লোকমুখে শুনেছি। তবে গতকাল মঙ্গলবার বিকেল পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেননি।’
আলিমুরের বড় ভাই জাকের হোসেন বলেন, ঘটনার পর তাঁরা আলিমুরের চিকিৎসা নিয়ে ব্যস্ত আছেন। তিনি কিছুটা সুস্থ হলে এ ঘটনায় মামলা করা হবে।