নোয়াখালীতে ছাত্রদলের দুই নেতার ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী শহরে এক আইনজীবীর কার্যালয় ভাঙচুর ও জেলা ছাত্রদলের দুই নেতার ওপর হামলা চালিয়েছে একদল যুবক। গত বুধবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের কাছে ও টাউন হলসংলগ্ন সমবায় মার্কেটে এ হামলার ঘটনা ঘটে।হামলায় আহত দুই ছাত্রদল নেতা হলেন জেলা ছাত্রদলের প্রস্তাবিত কমিটির দপ্তর সম্পাদক আবু রাশেদ (২৯) ও সদস্য ইসমাইল চৌধুরী (২৮)। ঘটনার পরই তাঁদের উদ্ধার করে শহরের সিটি হসপিটালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে নয়টার দিকে নোয়াখালী টাউন হলসংলগ্ন সমবায় মার্কেটের নিচতলায় জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সুবর্ণচর উপজেলা বিএনপির সভাপতি এ বি এম জাকারিয়ার চেম্বারে বসে আড্ডা দিচ্ছিলেন ছাত্রদল নেতা ইসমাইল চৌধুরী। এ সময় কয়েক যুবক কথা আছে বলে ইসমাইলকে বাইরে ডেকে নিয়ে যান। কয়েক মিনিট পরই শহীদ মিনার এলাকায় তাঁর ওপর হামলার খবর শুনে আইনজীবী জাকারিয়ার কার্যালয় থেকে দলীয় নেতা-কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ইসমাইলকে উদ্ধার করেন। এ সময় ছাত্রনেতা আবু রাশেদও হামলার শিকার হন।এ ঘটনার পর হামলাকারী যুবকেরা দলবল নিয়ে এসে আইনজীবী এ বি এম জাকারিয়ার কার্যালয়ে হামলা-ভাঙচুর চালান। খবর পেয়ে সুধারাম মডেল থানার পুলিশ ঘটনাস্থলে আসার আগেই হামলাকারীরা ওই স্থান থেকে সরে পড়েন। তবে হামলাকারী যুবকেরাও ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত বলে দলীয় একটি সূত্র জানিয়েছে।এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খান বলেন, তুচ্ছ একটি বিষয় নিয়ে ভুল-বোঝাবুঝির জের ধরে হামলা-ভাঙচুরের ঘটনাটি ঘটেছে। দলীয়ভাবে বিষয়টির মীমাংসার চেষ্টা চলছে। জানতে চাইলে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক দুই ছাত্রদল নেতার ওপর হামলা ও আইনজীবীর কার্যালয় ভাঙচুরের কথা নিশ্চিত করেন। জাহিদুল গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, দলীয় অভ্যন্তরীণ বিরোধের জের ধরে ঘটনাটি ঘটে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ব্যাপারে কেউ থানায় লিখিত অভিযোগ করেনি।