নোয়াখালীতে ছাত্রদলের সম্মেলন স্থগিত চেয়ে আদালতে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী শহর, সদর উপজেলা, নোয়াখালী সরকারি কলেজ শাখা ছাত্রদলের কর্মী সম্মেলন স্থগিতের আবেদন জানিয়ে আদালতে মামলা হয়েছে। সংগঠন থেকে বহিষ্কৃত কয়েকজন নেতা গতকাল রোববার নোয়াখালীর জ্যেষ্ঠ সহকারী জজ জিল্লুর রহমানের আদালতে এ মামলা করেন। মামলার আরজিতে বলা হয়, ছাত্রদলের সাধারণ নেতা-কর্মীদের মতামত উপেক্ষা করে জেলা ছাত্রদল অবৈধভাবে ৬ এপ্রিল কর্মী সম্মেলন আহ্বান করেছে। আরজিতে ওই কর্মী সম্মেলন স্থগিত করার জন্য আবেদন জানানো হয়। আদালত ৬ এপ্রিলের কর্মী সম্মেলন কেন অবৈধ, অকার্যকর ও স্থগিত ঘোষণা করা হবে না—এই মর্মে তিন দিনের মধ্যে কারণ দর্শানোর আদেশ দেন। সংগঠনের জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদককে এই কারণ দর্শাতে হবে। জেলা ছাত্রদল নোয়াখালী জেলা শহরের আল-ফারুক একাডেমি মাঠে ওই কর্মী সম্মেলন আহ্বান করেছে। সূত্র জানায়, মামলায় জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খান, সাধারণ সম্পাদক ছাবের আহাম্মেদ, যুগ্ম সম্পাদক সামছুদ্দোহা ও সাংগঠনিক সম্পাদক আবু হাসান মো. নোমানকে বিবাদী করা হয়। মামলার অন্যতম বাদী ফরহাদ চৌধুরী বলেন, গঠনতন্ত্র লঙ্ঘন করে জেলা ছাত্রদল সম্মেলন আহ্বান করেছে। তাই তারা বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হয়েছে। এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খান বলেন, আইনজীবীর সঙ্গে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তবে যাঁরা বিভিন্ন সময়ে ছাত্রদল ও এর নেতাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিভক্তি সৃষ্টি, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ করেছে, তাঁদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে এসব কারণে তিনজন নেতাকে বহিষ্কার করা হয়েছে।শনিবার জেলা ছাত্রদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও গঠনতন্ত্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম নিজাম, নোয়াখালী শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফরহাদ চৌধুরী ও যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দিন আজাদকে বহিষ্কার করার কথা জানানো হয়।