নোয়াখালীতে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষে আহত ৮
নোয়াখালী সরকারি কলেজপাড়ায় গতকাল বৃহস্পতিবার ছাত্রলীগ ও ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় উভয় পক্ষে কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনের নাম জানা গেছে। তাঁদের মধ্যে সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল আলম মঞ্জু, সফিকুল ইসলাম ওরফে ফাইটারকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে এবং মো. সুমন, মো. শুভ ও কামাল পাশাকে শহরের নিরাময় হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বুধবার বিকেলে কলেজপাড়ার বাসিন্দা সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রবিউল হকের সঙ্গে একই এলাকার ছাত্রলীগের কর্মী সফিকুল ইসলাম ওরফে ফাইটারের আগের একটি ঘটনা নিয়ে কথা-কাটাকাটি হয়। যার জের ধরে গতকাল বেলা একটার দিকে রবিউলের পক্ষের দলীয় কর্মীরা কলেজ ক্যাম্পাসের কাছে সফিকুল ও তাঁর সঙ্গীদের সঙ্গে বাগিবতণ্ডায় লিপ্ত হন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় তাদের থামাতে গিয়ে হামলার শিকার হন ছাত্রলীগের নেতা নাজমুল। তিনি ছাড়া আহত হন আরও ছয়-সাতজন। খবর পেয়ে সুধারাম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে ধাওয়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ছাত্রদলের নেতা রবিউল হক প্রথম আলোকে বলেন, ‘ছাত্রলীগের সফিকুল আগের দিন তাঁর সঙ্গে আগের একটি বিষয় নিয়ে খারাপ ব্যবহার করে। এর জের ধরে আমাদের কর্মীরা ক্যাম্পাসে সফিকুলকে জিজ্ঞেস করলে কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁরা আমাদের ওপর হামলা চালায়।’অন্যদিকে আহত ছাত্রলীগের নেতা নাজমুল প্রথম আলোকে বলেন, ‘কলেজপাড়ার ছাত্রলীগ ও ছাত্রদলের সমর্থক দুটি পক্ষ পূর্ববিরোধ নিয়ে মারামারিতে লিপ্ত হয়েছিল। আমি তাঁদের নিবৃত্ত করতে গিয়ে উল্টো হামলার শিকার হই। তবে ঘটনাটি রাজনৈতিক ঘটনা নয়।’সুধারাম থানার এসআই মো. ইয়াছিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় কোনো পক্ষ থানায় মামলা করেনি।