নোয়াখালীতে ছাত্রলীগ নেতা নিহত হওয়ার ঘটনায় ২৮ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন চলাকালে নোয়াখালীতে প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে ছাত্রলীগের নেতা নিহত হওয়ার ঘটনায় চার দিন পর থানায় মামলা হয়েছে। গত মঙ্গলবার রাতে নিহত ইয়াছিন আরাফাতের চাচা ও ইউপি নির্বাচনে সদস্য প্রার্থী আবুল হাসেম বাদী হয়ে সুধারাম থানায় এ মামলা করেন। মামলায় ২৮ জনকে আসামি করা হয়েছে। তবে গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত এ মামলায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।
সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) মির্জা মো. হাসান গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি বলেন, এর আগে এ ঘটনায় মো. নাছির নামে এক যুবককে সন্দেহভাজন হিসেবে আটক করা হলেও তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।
গত শনিবার ইউপি নির্বাচনে ভোট গ্রহণের সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ভোটকেন্দ্রের ভেতরে আহত হন ইয়াছিন। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। আরাফাত বেলানগর গ্রামের সৌদিপ্রবাসী মো. সেলিমের ছেলে। তিনি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।