নোয়াখালীতে ছাত্রলীগের দুই কর্মীকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কেন্দুরবাগ বাজারে গতকাল বুধবার সন্ধ্যায় শেখ রাসেল (২৪) ও শওকত আকবর (২০) নামের ছাত্রলীগের দুই কর্মীকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সন্ধ্যা ছয়টার দিকে শেখ রাসেল উপজেলার বাংলাবাজার থেকে মোটরসাইকেলযোগে চৌমুহনী যাওয়ার পথে কেন্দুরবাগ বাজারে পৌঁছালে একদল সন্ত্রাসী তাঁর ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা এ সময় শেখ রাসেলকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। এ সময় রাসেলকে বাঁচাতে ছাত্রলীগের কর্মী শওকত এগিয়ে এলে সন্ত্রাসীরা তাঁকেও কুপিয়ে আহত করে। এ ঘটনায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মীরা বাস ও দোকানে ভাঙচুর করেন এবং সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।স্থানীয় ব্যক্তিরা জানান, হামলায় আহত ছাত্রলীগের দুই কর্মীকে প্রথমে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে শেখ রাসেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার জের ধরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মীরা কেন্দুরবাগ বাজারে দুটি বাস ও চারটি দোকান ভাঙচুর করেন। এ ঘটনায় সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত চৌমুহনী-লক্ষ্মীপুর সড়কে যান চলাচল বন্ধ থাকে। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আহসানুল ইসলাম প্রথম আলোকে বলেন, দুই পক্ষের পূর্ববিরোধের জের ধরে ওই হামলার ঘটনা ঘটেছে। দুই পক্ষের বিরুদ্ধেই সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তিনি জানান, এ ঘটনায় থানায় মামলা হয়নি।