নোয়াখালীতে ছাত্রলীগের হাতে নিয়োগ বোর্ডের সদস্যরা লাঞ্ছিত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের ভুলুয়া ডিগ্রি কলেজের কর্মচারী নিয়োগ বোর্ডের সদস্য ও ব্যবস্থাপনা কমিটির সদসদের লাঞ্ছিত করেছেন স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা। গতকাল শনিবার বেলা সোয়া দুইটার দিকে এ ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে কলেজ ক্যাম্পাসে ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়। কলেজ প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, কলেজের নিম্নমান সহকারী-কাম-কম্পিউটার অপারেটর পদে লোক নিয়োগের জন্য গত ৮ ফেব্রুয়ারি সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়া হয়। বিজ্ঞাপনে নির্ধারিত সময়ের মধ্যে ওই পদের জন্য কলেজের স্নাতক শ্রেণীর ছাত্র নাজিম উদ্দিনসহ পাঁচজন প্রার্থী আবেদন করেন। নাজিমকে নিয়োগ দেওয়ার জন্য শুরু থেকেই ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা কলেজ কর্তৃপক্ষের কাছে তদবির করতে থাকেন। গতকাল শনিবার সকালে কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও প্রবীণ আইনজীবী মমিন উল্লার উপস্থিতিতে আবেদনকারীদের লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে নাজিম উদ্দিন নির্ধারিত ৫০ নম্বরের পরীক্ষায় সাড়ে ১৭ নম্বর পেয়ে চতুর্থ স্থান লাভ করেন। আর প্রথম স্থান পান মো. ইয়াছিন নামের এক প্রার্থী। তিনি ৩৩ নম্বর পান। এ সময় ক্যাম্পাসে উপস্থিত ব্যবস্থাপনা কমিটির সদস্যদের মাধ্যমে নিয়োগ বোর্ডের ফলাফলের খবর চলে যায় যুবলীগ ও ছাত্রলীগ কর্মীদের কানে। তাঁরা এ নিয়ে হইচই শুরু করেন এবং তাঁদের পছন্দের ব্যক্তিকে নিয়োগ দেওয়ার জন্য বোর্ডের সদস্যদের চাপ দিতে থাকেন। এ সময় সভাপতিসহ বোর্ডের সদস্যরা মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে বলে ঘোষণা দিলে তাঁরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তাঁরা কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মমিন উল্লা, সদস্যসচিব অধ্যক্ষ আবু জাফর মো. হারুন, ডিজির প্রতিনিধি নোয়াখালী সরকারি কলেজের প্রাণিবিজ্ঞান বিভাগের প্রভাষক জাফর ইকবাল এবং সদস্য ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিলুফা মমিনকে অকথ্য ভাষায় গালমন্দ করেন। নিয়োগ পরীক্ষা বাতিল করে তাঁদের পছন্দের চতুর্থ স্থান অধিকারী নাজিম উদ্দিনকে নিয়োগ দেওয়ার জন্য দাবি জানান। একপর্যায়ে যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা ডিজির প্রতিনিধি জাফর ইকবালকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং নিলুফা মমিনকে অপদস্থ করতে তেড়ে আসেন। এ সময় অন্য সদস্যদের হস্তক্ষেপে তিনি রক্ষা পান। যোগাযোগ করলে ব্যবস্থাপনা কমিটির সভাপতি মমিন উল্লা প্রথম আলোকে বলেন, তাঁরা সম্পূর্ণ স্বচ্ছতার মধ্য দিয়ে যোগ্য প্রার্থীকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং পরীক্ষার কোনো ক্ষেত্রে অস্বচ্ছতা ছিল না। কিন্তু স্থানীয় কয়েকজন ব্যক্তি নিয়োগ পরীক্ষায় চতুর্থ স্থান অধিকারী ব্যক্তিকে নিয়োগ দেওয়ার জন্য তাঁদের চাপ দেন এবং বোর্ডের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করেন। অধ্যক্ষ আবু জাফর মো. হারুন বলেন, ‘আমাদের সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা জঘন্য। আমরা সকলে তখন চরম এক নিরাপত্তাহীন অবস্থায় পড়ি। বর্তমানেও নিরাপত্তাহীনতায় রয়েছি।’ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও কলেজ ব্যবস্থাপনা কমিটির সদস্য মফিজ উল্লা যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা নিয়োগ বোর্ডের সভাপতিসহ অন্য সদস্যদের লাঞ্ছিত ও নারী সদস্যকে অপদস্থ করার কথা অস্বীকার করেন। তবে, তিনিই আবার স্বীকার করেন, কলেজের একজন ছাত্র ওই পদে প্রার্থী হলে আমরা সকলে বলেছিলাম তাঁকে নিয়োগ দেওয়ার জন্য। তাঁকে অকৃতকার্য করায় ছেলেপেলেরা কিছুটা উত্তেজিত হয়ে উঠেছিল। এর বেশি কিছু নয়। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার বলেন, ঘটনাটি তাঁদের অজানা। স্থানীয়ভাবে কেউ কিংবা কলেজ কর্তৃপক্ষ তাঁদের এ বিষয়ে কিছু জানায়নি।