নোয়াখালীতে ছাত্রশিবির ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ১০
নোয়াখালীর সোনাইমুড়ীর আমিশাপাড়া বাজারে ছাত্রলীগ ও ইসলামী ছাত্রশিবিরের কর্মীদের মধ্যে গতকাল রোববার কয়েক দফা সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় খলিলুর রহমান ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীর নবাগত শিক্ষার্থীদের শুভেচ্ছা জানানোর পর বাজারে মিছিলের একপর্যায়ে এ সংঘর্ষ হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। এ ছাড়া একটি মোটরসাইকেল ও বাজারের আট-দশটি দোকান ভাঙচুর করা হয়েছে। এ সময় বাজারে উপস্থিত দুই পক্ষকে ধাওয়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন: মো. ইসমাইল হোসেন (২২), লোকমান হোসেন (১৮), আবদুর রহিম (১৭), রফিকুল ইসলাম (১৯) ও নাছির উদ্দিন (২০)। ঘটনাস্থলে উপস্থিত সোনাইমুড়ী থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, বেলা সাড়ে ১১টার সময় কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে প্রথমে ছাত্রদল, তারপর ছাত্রলীগ ও সর্বশেষ ছাত্রশিবির বাজারে মিছিল বের করে। কিন্তু ছাত্রলীগের কর্মীরা মিছিল নিয়ে শিবিরের কর্মীদের পাশ দিয়ে যাওয়ার সময় ছাত্রশিবিরের কর্মীরা ছাত্রলীগের মিছিলে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। তৎক্ষণাৎ তারা দুই পক্ষকে ধাওয়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে, ছাত্রশিবিরের আমিশাপাড়া শাখার সভাপতি আফলুল কায়েছার ছাত্রলীগের মিছিলে হামলার অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ছাত্রলীগের কর্মীরাই প্রথমে বিনা উসকানিতে তাদের মিছিলে হামলা চালায়। এ সময় তারা ছাত্রলীগের কর্মীদের নিক্ষিপ্ত ইটপাটকেল পাল্টা তাদের দিকে নিক্ষেপ করে।