নোয়াখালীতে ছেলের কুড়ালের আঘাতে বাবা খুন
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের পতিশ গ্রামে কলেজপড়ুয়া ছেলের কুড়ালের আঘাতে আহত বাবা নুর মোহাম্মদ (৫৫) হাসপাতালে মারা যান। নুর মোহাম্মদ ওই গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে।গত রোববার সকালে আহত হওয়ার পর সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নুর মোহাম্মদ মারা যান। এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী ফাতেমা বেগম বাদী হয়ে গতকাল সোমবার ছেলে মাহবুবের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেছেন। মাহবুব নোয়াখালী সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র বলে জানা গেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির একটি নারিকেলগাছ কাটা নিয়ে শনিবার রাতে নুর মোহাম্মদের সঙ্গে ছেলে মাহবুবের ঝড়গা হয়। এর জের ধরে রোববার ফজরের নামাজের পর নুর মোহাম্মদ বাড়ির সামনের মসজিদ থেকে বের হওয়া মাত্র মাহবুব তাঁর হাতে থাকা কুড়াল দিয়ে তাঁর মাথা ও ঘাড়ে আঘাত করেন।এতে নুর মোহামঞ্চদ আহত হলে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সেখানে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নুর মোহাম্মদ মারা যান।ঘটনার সত্যতা নিশ্চিত করেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির। গতকাল সোমবার তিনি প্রথম আলোকে জানান, অভিযুক্ত ছেলে মাহবুবকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।