নোয়াখালীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
নোয়াখালীর সদর উপজেলার ধর্মপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাইয়ের লাঠির (জ্বালানি কাঠ) আঘাতে বড় ভাই খুন হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।পুলিশ ও গ্রামবাসীর ভাষ্যমতে, গতকাল বেলা তিনটার দিকে ধর্মপুর গ্রামে জমির মালিকানা নিয়ে বড় ভাই আবুল কাশেমের (৪৬) সঙ্গে ছোট ভাই মুসতাকিন সারওয়ারের (৩৭) বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে মুসতাকিন তাঁর বড় ভাইয়ের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। এ সময় আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবুল কাশেমকে মৃত ঘোষণা করেন।এ ঘটনার পর থেকে ছোট ভাই পলাতক আছেন বলে গ্রামবাসী জানায়।ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান জানান, দুই ভাইয়ের মধ্যে ঝগড়ার একপর্যায়ে ছোট ভাইয়ের হাতে বড় ভাই মারা যাওয়ার খবর তিনি শুনেছেন।সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে, প্রাথমিকভাবে এমন তথ্য পাওয়া গেছে। তবে এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেনি। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।