নোয়াখালীতে ছোট ভাইয়ের হয়ে পরীক্ষা দিতে গিয়ে বড় ভাই গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কবিরহাট উপজেলায় ছোট ভাইয়ের হয়ে দাখিল পরীক্ষা দিতে গিয়ে গ্রেপ্তার হয়েছে বড় ভাই। গত মঙ্গলবার পরীক্ষার কেন্দ্রে ধরা পড়ার পর পালিয়ে গেলে রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।কবিরহাট ইসলামিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলাকালে ধরা পড়ে মো. ইউনুছ। ঘটনার সত্যতা নিশ্চিত করে কেন্দ্রসচিব আনছার উল্লা জানান, কবিরহাট উপজেলার নরোত্তমপুর হাজী হায়দার আলী দাখিল মাদ্রাসার ছাত্র মো. ইউছুফের হয়ে তার বড় ভাই ইউনুছ পরীক্ষা দিয়ে যাচ্ছিল। সে নোয়াখালী শহরের সোনাপুর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। কয়েকটি পরীক্ষা হয়ে গেলেও বিষয়টি তাঁদের নজরে পড়েনি। ইউনুছ জেলার সদর উপজেলার ধর্মপুর গ্রামের সফিউল্লার ছেলে।গত মঙ্গলবার ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফুল ইসলাম কেন্দ্র পরিদর্শনে এসে ইউনুসকে চ্যালেঞ্জ করলে সে দৌড়ে পালায়। রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।ইউএনও গতকাল বুধবার বলেন, গোপন সূত্রে ওই ভুয়া পরীক্ষার্থী সম্পর্কে জানতে পারেন তিনি। এরপর কেন্দ্রে গিয়ে অভিযোগের সত্যতা পান। তিনি জানান, এই ঘটনায় সংশ্লিষ্ট মাদ্রাসাপ্রধানের বিরুদ্ধে মামলা হয়েছে।