নোয়াখালীতে ছয় কেজি গাঁজাসহ দুজন আটক
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দুশিনপাড়া এলাকায় কুমিল্লা থেকে লক্ষ্মীপুরগামী উপকূল পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ছয় কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ অভিযান পরিচালিত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নোয়াখালীর উপপরিচালক মো. জাকির হোসেন ভূঁইয়া এই অভিযান পরিচালনা করেন। অভিযানে উদ্ধার হওয়া গাঁজা বহনের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়। তাঁরা হলেন ভোলার দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর গ্রামের মো. কবির (৩০) ও লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কালিপুর গ্রামের আবুল হাসেম (২৫)।
উপপরিচালক মো. জাকির হোসেন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, সকালে গোপন সংবাদের ভিত্তিতে সোনাইমুড়ী উপজেলার দুশিন এলাকায় তাঁরা যাত্রীবাহী বাসে তল্লাশি অভিযান চালান। একপর্যায়ে উপকূল পরিবহনের একটি বাসে ছয় কেজি গাঁজা পাওয়া যায়।