নোয়াখালীতে ছয় জলদস্যুকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহামঞ্চদপুর ইউনিয়নের সোলেমান বাজার এলাকায় ছয় জলদস্যুকে ধরে পিটুনি দিয়েছে স্থানীয় জনতা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বেলা দেড়টার দিকে সুবর্ণচরের চরজব্বার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক দস্যুদের উদ্ধার করে গুরুতর আহতাবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আটক ব্যক্তিরা হলেন দুদা মিস্ত্রি (৪৫), মো. আলাউদ্দিন (২৮), মো. চান্দু (৩৫), সিরাজ উদ্দিন (৫০), আবুল কালাম (২৪) ও জাকের আহম্মদ (৫০)। হাসপাতালে পুলিশি পাহারায় তাঁদের চিকিত্সা চলছে।স্থানীয় সূত্রে জানা গেছে, মোহাম্মদপুর ইউনিয়নের সোলেমান বাজার এলাকার বাসিন্দারা খবর পান, পার্শ্ববর্তী চরবায়জিদে জল ও বনদস্যু বাহিনী ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এরপর দুপুর ১২টার দিকে তাঁরা সংঘবদ্ধ হয়ে চরবায়জিদ ঘেরাও করে জলদস্যু দুদা বাহিনীর প্রধান দুদাসহ ছয় জলদস্যুকে ধরে ফেলেন।পরে দস্যুদের সোলেমান বাজারে এনে পিটুনি দিয়ে থানায় খবর দেওয়া হয়। এরপর বেলা দেড়টার দিকে চরজব্বার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিদের প্রথমে থানায় নেয় এবং পরে হাসপাতালে ভর্তি করে।জানতে চাইলে দস্যুদের আটকের কথা নিশ্চিত করেন থানার উপপরিদর্শক (এসআই) নুরুল আমিন। তিনি বলেন, দস্যুরা উপকূলীয় এলাকায় ট্রলারে ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধের সঙ্গে যুক্ত বলে অভিযোগ রয়েছে।