নোয়াখালীতে জমির মালিকানা নিয়ে সংঘর্ষে আহত ৭
নোয়াখালী শহরে সরকারি জমির মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছে। গত মঙ্গলবার দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড-সংলগ্ন ফ্ল্যাট রোডে এ ঘটনা ঘটে।আহত ব্যক্তিদের মধ্যে আবদুল মালেক (৭৫), মাহবুবুর রহমান (৩০) ও মো. রাফী (২৫) নামের তিনজনকে গুরুতর অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।আহত আবদুল মালেকের ছেলে আবদুর রহিম জানান, তাঁর বাবা গণপূর্ত বিভাগ থেকে ইজারা নিয়ে দীর্ঘদিন ধরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড-সংলগ্ন সরকারি ফ্ল্যাট রোডের পাশের জায়গায় বসবাস ও দোকানঘর নির্মাণ করে ভাড়া দিয়ে আসছেন। দু-তিন দিন আগে তাঁর বাবা ওই বাসা ও দোকানঘরের সংস্কারকাজ শুরু করেন।আবদুর রহিম অভিযোগ করেন, সংস্কারকাজ শুরু করার পর আলাউদ্দিন ও সোহাগসহ স্থানীয় কয়েকজন ব্যক্তি এ জমির মালিকানা দাবি করে কাজ বন্ধ রাখতে বলেন। এরপর মঙ্গলবার দুপুরে ওই লোকজন তাঁদের বাড়িতে হামলা চালায়। পরিবারের সদস্যদের তারা কুপিয়ে ও পিটিয়ে জখম করে।তবে আলাউদ্দিন বলেন, ‘আবদুল মালেক গণপূর্ত বিভাগের ওই জায়গা অবৈধভাবে দখল করে রেখেছেন। সম্প্রতি তিনি (আবদুল মালেক) ও আমরা এ জায়গা ইজারা পাওয়ার জন্য গণপূর্ত বিভাগের কাছে আবেদন করি। কিন্তু কোনো পক্ষকেই এখনো পর্যন্ত ইজারা দেওয়া হয়নি।’ তিনি অভিযোগ করে বলেন, ‘আবদুল মালেক ইজারা না পেয়েও বহিরাগত লোকজন দিয়ে সংস্কারকাজ শুরু করেন। এ সময় আমরা নিষেধ করতে গেলে তারা আমাদের লোকজনের ওপর হামলা চালায়। এতে আমাদের তিন-চারজন আহত হয়।’যোগাযোগ করা হলে নোয়াখালী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী নাছিমুল আলম প্রথম আলোকে জানান, ওই জায়গা একসময় বন্দোবস্ত দেওয়া হয়েছিল। কিন্তু বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে সব বন্দোবস্ত বাতিল করা হয়। এরপর নতুন করে আর কাউকে বন্দোবস্ত দেওয়া হয়নি।সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার জানান, হামলার ব্যাপারে আবদুল মালেকের ছেলে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।