নোয়াখালীতে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রেণীকক্ষসংকটের কারণে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ আধাপাকা ভবনেই পাঠদান চলছে। এ অবস্থায় সুষ্ঠু পরিবেশ না থাকায় শিশুদের বিদ্যালয়বিমুখ হয়ে পড়ার আশঙ্কা করছেন অভিভাবকেরা।
সরেজমিনে দেখা যায়, টিনশেড আধাপাকা লম্বালম্বি ভবনটির টিনের চাল এবং সিলিংয়ের বিভিন্ন অংশ ভেঙে পড়েছে। চারপাশের দেয়ালের পলেস্তারাও খসে পড়ছে।
জানা গেছে, বিদ্যালয়টির শিক্ষার্থীর সংখ্যা ৩৩০ জন। দ্বিতল ভবনটিতে কক্ষ রয়েছে পাঁচটি, তাও আকারে ছোট হওয়ায় গাদাগাদি করে বসতে দেওয়া হয় শিক্ষার্থীদের। উদ্ভূত পরিস্থিতিতে বাধ্য হয়ে শিশু শিক্ষার্থীদের শ্রেণীকক্ষ খোলা হয়েছে জরাজীর্ণ ভবনে। স্থানীয় বাসিন্দা আবদুল কুদ্দুস বলেন, ‘শিশুদের বিদ্যালয়মুখী করার জন্য সবার আগে প্রয়োজন পাঠদানের সুষ্ঠু পরিবেশ। কিন্তু দুর্ভাগ্য; আমাদের সন্তানেরা জরাজীর্ণ শ্রেণীকক্ষে ঢুকে সারাক্ষণ চিন্তায় থাকে, কখন আবার ছাদ ভেঙে পড়ে তাদের মাথার ওপর। এ অবস্থায় ছেলেমেয়েদের বিদ্যালয়ে পাঠিয়ে আমরাও চিন্তায় থাকি।’
প্রধান শিক্ষক নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিগত প্রায় এক যুগ ধরে এই আধাপাকা ভবনটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে রয়েছে। ২০০২ সালে একটি নতুন ভবন হলেও কক্ষ কম হওয়ায় পাঠদানে খুবই সমস্যা হয়।
প্রধান শিক্ষক বলেন, আধাপাকা ভবনটির টিনের চাল ও সিলিং নতুন করে নির্মাণের পাশাপাশি চারপাশের দেয়ালগুলো ভালোভাবে সংস্কার করে দিলে সংকট থাকত না। তিনি নিজেও একাধিকবার উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে এ বিষয়ে হস্তক্ষেপ চেয়ে লিখিত আবেদন করেছেন। কিন্তু কোনো কাজ হয়নি।
উপজেলা শিক্ষা কর্মকর্তা জালাল আহমঞ্চদ প্রথম আলোকে বলেন, শুধু কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ই নয়, উপজেলায় এ রকম আরও চার-পাঁচটি প্রাথমিক বিদ্যালয়ের অবস্থা খুবই নাজুক। সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটি এ বিষয়ে বৈঠক করে সভার কার্যবিবরণী (রেজুলেশন) দিলে তিনি শিক্ষা কমিটিতে পাঠাবেন।