নোয়াখালীতে জামায়াত শিবিরের ১৯ কর্মী ও সমর্থক আটক
নোয়াখালীতে পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-শিবিরের আরও ১৯ কর্মী-সমর্থককে আটক করা হয়েছে। গত রোববার রাতে জেলা শহর ছাড়াও চাটখিল ও কোম্পানীগঞ্জ উপজেলায় এ অভিযান পরিচালিত হয়।এর মধ্যে সুধারাম থানায় ১৫ জন, চাটখিল থানায় দুজন ও কোম্পানীগঞ্জ থানায় দুজনকে আটক করা হয়েছে। আটক হওয়া ব্যক্তিদের গতকাল সোমবার বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালীর বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়। আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।জেলা পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, এ নিয়ে গত তিন দিনে জেলার বিভিন্ন থানা এলাকা থেকে বিএনপি ও জামায়াত-শিবিরের ৫৫ জন কর্মী-সমর্থককে আটক করা হয়েছে। জানতে চাইলে তৃতীয় দিনের অভিযানের কথা নিশ্চিত করে ভারপ্রাপ্ত পুলিশ সুপার মাহবুবুর রশীদ প্রথম আলোকে বলেন, চিহ্নিত সন্ত্রাসী, মামলার আসামিদের গ্রেপ্তারে এ বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।